নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ জিন্নাহ, এম রফিকুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন মুকুল।
যুবদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম কাইয়ুম, সদস্যসচিব ইউসুফ খান, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু ও সদস্যসচিব আল ইমরান সম্রাট গণি। এছাড়া উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল আকাশ বক্তব্য দেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন। তাঁদের বক্তব্যে ওই সময়ের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি, সিপাহি-জনতার অভ্যুত্থান এবং তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তির বিষয়টি উঠে আসে।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী আদর্শের কথা উল্লেখ করে বলেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় দলীয় সাংগঠনিক শক্তি সুসংহত করা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দল ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মতামত