নেত্রকোণার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম হাফেজ আবুল হাসেম (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় নাঈম তালুকদার (৪০) ও সুফিয়া খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন।
গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের শুকনাকুড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ আবুল হাসেম উপজেলার উত্তর কুলুঞ্জা মন্ডলবাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আহত নাঈম তালুকদার কাকৈরগড়া ইউনিয়নের ছাহেদ তালুকদারের ছেলে। দুর্ঘটনায় তাঁর ডান হাতের কনুইয়ের ওপরের অংশ এবং ডান হাতের দুটি আঙুল ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত সুফিয়া খাতুন (৪২) গোপালপুর এলাকার মোবাইল ব্যবসায়ী রাসেলের মা। তিনি নাক, মুখ, হাত ও পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
নিহত হাফেজ আবুল হাসেমের মৃত্যুতে স্থানীয় মুসল্লি, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
দুর্ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত