নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে গিয়ে এক রোহিঙ্গা নারী ধরা পড়েছেন। এ ঘটনায় ওই নারী, তার বাবা এবং দুই স্থানীয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক নারী কাউসার বিবি (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। অভিযোগ রয়েছে, আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে তৈরি করা একটি জন্মনিবন্ধন ব্যবহার করে দুবাই যাওয়ার উদ্দেশ্যে তিনি পাসপোর্টের আবেদন করেন।
পাসপোর্ট আবেদনে জমা দেওয়া তথ্য ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়। পরে কাউসার বিবিকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তার বাবা রশিদউল্লাহ, যিনি মো. বদিউল আলম (৪০) নামেও পরিচিত, এবং দুই স্থানীয় ব্যক্তি আব্দুল জলিল (৪২) ও আজিজুল হক (৩০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাউসার বিবি ও তার বাবা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আটক অপর দুই ব্যক্তি আব্দুল জলিল পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের এবং আজিজুল হক উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের বাসিন্দা।
ঘটনাটি সামনে আসার পর রোহিঙ্গা শিবিরের বাসিন্দার নামে কীভাবে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি হলো, কারা এর সঙ্গে জড়িত এবং কোন প্রক্রিয়ায় এ ধরনের নিবন্ধন অনুমোদিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি যাচাই ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি তৈরি হয়েছে।
মতামত