নেত্রকোনার দুর্গাপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
তোফায়েল আলম ভূঁইয়া দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক গণকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দ উষান বাজারে মাদক উদ্ধারে অভিযান চালায় দুর্গাপুর থানা পুলিশ। এ সময় ঘটনাস্থলে পুলিশের সদস্যদের সঙ্গে কথা হয় সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়ার। পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয় দুই ব্যক্তি তাঁকে একটি মুদি দোকানে ডেকে নিয়ে পুলিশের সঙ্গে কী বিষয়ে কথা হয়েছে, তা জানতে চান।
একপর্যায়ে ওই দুই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মো. মতিউর রহমান (৬০) ও সুলতান মিয়া (৩৫) নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় আরও দুজনের নামও জিডিতে উল্লেখ করেছেন সাংবাদিক তোফায়েল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি আলোচনা করার কারণে থানায় জিডি করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
দুর্গাপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির একাধিক ঘটনার প্রেক্ষাপটে নতুন এই অভিযোগ স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
এর আগে গত অক্টোবরে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। ওই হত্যাকাণ্ডের পর সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ ছাড়া সম্প্রতি দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলিকে ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
পরপর এসব ঘটনার কারণে স্থানীয় সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ছে। তাঁদের মতে, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় স্বাধীন ও নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে।
সাংবাদিক তোফায়েল আলম ভূঁইয়া জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিক সংগঠনের দায়িত্বে থাকায় তিনি ও তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
মতামত