নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে নিরাপত্তা জোরদার করতে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপনের কাজ শুরু হয়েছে। বাজারে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় এবং ঝানজাইল বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় ক্যামেরা স্থাপনের কার্যক্রম শুরু হয়।এ সময় উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী ইলিয়াস আহমেদ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিশার ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি পিন্টু খান, বাজার বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীরা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে বাজার এলাকায় নজরদারি বাড়বে। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা শনাক্ত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সহজ হবে বলে তাঁরা আশা করছেন।ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আহমেদ খান বলেন, বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগটি সময়োপযোগী। এর ফলে বাজারের নিরাপত্তাব্যবস্থা আরও সুসংহত হবে এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি তৈরি হবে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, ক্যামেরা স্থাপনের কার্যক্রম সম্পন্ন হলে ঝানজাইল বাজারে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও উন্নত হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।