‘ভ্রমণ করলে দেশ, মন থাকে ফ্রেশ’—এই স্লোগানকে সামনে রেখে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন নেত্রকোনার তরুণ সাইক্লিস্ট আশরাফুল ইসলাম মুন্না। দীর্ঘ ১৪০ দিনের পথচলা ও নানা প্রতিকূলতা পেরিয়ে ১২ নভেম্বর তিনি তার স্বপ্নযাত্রা সফলভাবে সম্পন্ন করেন।
আশরাফুল ইসলাম মুন্না নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, দেশের সব কটি জেলা ঘুরে দেখার পাশাপাশি তরুণ সমাজের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গত ২৬ জুন বাইসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন তিনি।
যাত্রাপথে দেশের সমতল ভূমি থেকে দুর্গম পাহাড়ি জনপদ পর্যন্ত প্রতিটি জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পান আশরাফুল। ভ্রমণকালে হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
দীর্ঘ এই যাত্রার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশরাফুল ইসলাম মুন্না জানান, প্রতিটি জেলায় তিনি সাধারণ মানুষের অভাবনীয় ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছেন। দুর্গম পাহাড়ি পথ ও বৈরী আবহাওয়া যাত্রায় নানা চ্যালেঞ্জ তৈরি করলেও দেশের প্রতি ভালোবাসা, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এবং মানুষের উৎসাহ তাকে লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে।
নেত্রকোনার এই তরুণের ব্যতিক্রমী অর্জন ও সামাজিক সচেতনতামূলক উদ্যোগ ইতোমধ্যে এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল তার এই সাফল্যকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
মতামত