ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

জামালগঞ্জে বিএনপির দুইগ্রুপে সংঘর্ষ আহত-১০ এমপির প্রতিনিধির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের কয়েকজন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।থানা ও দলীয় সূত্রে জানা যায়, ৬ নভেম্বর রাতে পৃথক কর্মসূচির খবর পেয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান ও আহ্বায়ক কমিটির সদস্য (সাবেক সাধারণ সম্পাদক) শাহ মো. শাহজাহান পক্ষকে থানার সামনে পর্যন্ত এবং যুগ্ম আহ্বায়ক-১ আব্দুল মালেকের পক্ষকে হাসপাতাল গেট পর্যন্ত কর্মসূচি পালনের স্থান নির্ধারণ করে দেওয়া হয়। উভয় পক্ষই এতে সম্মতি জানিয়েছিল বলে পুলিশ জানায়।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন শফিকুর রহমানের পক্ষ নির্ধারিত স্থান থানার সামনে পর্যন্ত মিছিল নিয়ে আসে। এ সময় অপর পক্ষ নির্ধারিত স্থান অতিক্রম করে থানার গেটের সামনে চলে এলে দুই পক্ষ মুখোমুখি হয়। পরে নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক বিভাজন রয়েছে। ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করে। উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান অপর পক্ষকে একসঙ্গে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিলেন বলে তাঁর পক্ষের নেতাকর্মীরা দাবি করেন। তবে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান ও মাসুম মাহমুদ তালুকদারের নেতৃত্বে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।শফিকুর রহমানের নেতৃত্বাধীন মিছিলে তাঁর সঙ্গে ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার চৌধুরী রানা, মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধন মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, কৃষকদলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্যসচিব আসাদনুর সাদী এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ অন্য নেতাকর্মীরা।অপর পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ আব্দুল মালেক, আজিজুর রহমান, মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু, এমদাদুল হক আফিন্দী, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমানসহ অন্য নেতাকর্মীরা।জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে এলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ হয়। এর আগে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য দুই পক্ষকে পৃথক স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবং তারা তাতে সম্মতিও জানিয়েছিল। পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাহিরপুর থেকে কয়েকজন প্রতিনিধিকে পাঠানো হয়। তাঁরা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানান তিনি।

জামালগঞ্জে বিএনপির দুইগ্রুপে সংঘর্ষ আহত-১০ এমপির প্রতিনিধির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত