নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক মো. আবদুল বারেক। সাধারণ সম্পাদক পদে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ শফিকুল কবির (হাবুল)।
শনিবার (১৪ নভেম্বর) দুর্গাপুর সুসং আদর্শ বিদ্যানিকেতনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আবদুল বারেক ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী নওয়াব পেয়েছেন ১০৩ ভোট। এ ছাড়া বিরিশিরি পি.সি. নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক পেয়েছেন ৪৮ ভোট এবং ভারুয়া আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকমুল হক পেয়েছেন ২৫ ভোট। এ পদে দুটি ভোট বাতিল হয়।
সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ শফিকুল কবির (হাবুল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জিন্নাতুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মো. লুৎফর হায়দার।
নির্বাচনে বিজয়ী প্রার্থীদের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষকদের অধিকার রক্ষা এবং উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মতামত