নেত্রকোনার মোহনগঞ্জে দাদির ওপর হামলার সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসায় ওমর ফারুক নামে সাত বছর বয়সী এক শিশুকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তি ও তাঁর ছেলের বিরুদ্ধে। আহত শিশুটির মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় শিশুটির দাদি কোকিলা খাতুন বাদী হয়ে প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু (৫০), তাঁর ছেলে এমরান (৩২) এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের পর মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার মানারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুক মানারকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির (কেজি ওয়ান) শিক্ষার্থী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাঁর পরিবারের ছোট শিশুরা প্রায়ই ওমর ফারুককে মারধর করত। বিষয়টি দাদিকে জানালে কোকিলা খাতুন অভিযুক্তদের কাছে এর প্রতিবাদ করেন।
অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওমর ফারুককে আবারও মারধর করা হয়। পরে কোকিলা খাতুন নাতিকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বিচার চান। বিচার শেষে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন, তাঁর ছেলে এমরানসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন।
এ সময় অভিযুক্তরা কোকিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাঁরা তাঁর চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, এ সময় দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে শিশুটির কপালের ডান পাশে গুরুতর জখম হয়। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরদিন কোকিলা খাতুন বাদী হয়ে তাইজ উদ্দিন ও তাঁর ছেলে এমরানসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত তাইজ উদ্দিন ও তাঁর ছেলে এমরান আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর ওইদিনই মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাঁদের গ্রেপ্তার করা হবে।
মতামত