কিশোরগঞ্জে দুই দিনব্যাপী পবিত্র সীরাতুন্নবী (সা.) সম্মেলনকে কেন্দ্র করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সদস্য সংগ্রহ ও প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখা।
আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনস্থলে সংগঠনটির পক্ষ থেকে বিশেষ স্টল স্থাপন করা হয়। সেখানে ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আগ্রহীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। স্টলে সংগঠনের বিভিন্ন প্রকাশনা ও ইসলামী বই প্রদর্শন এবং বিতরণের ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ হাদী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী।
রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন রক্ত বন্ধু গ্রুপের চেয়ারম্যান শরীফুল আলম আরেফীন। তিনি নিজেই রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্ব পালন করেন।
পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক্ব। এ সময় উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোল্লা বরকত উল্লাহ, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ মনির হুসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতা-কর্মীরা।
আয়োজকদের ভাষ্য, তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিক মূল্যবোধ এবং সাংগঠনিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের মানবিক ও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তদান বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, ধর্মীয় সম্মেলনের পাশাপাশি এ ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ তরুণদের সামাজিক দায়িত্ববোধ বাড়াতে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে।
মতামত