কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ও ড্যান্ডি সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিরগঞ্জ মধ্যপাড়া ও সার্কিট হাউস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিরগঞ্জ মধ্যপাড়া গ্রামের মো. কাঞ্চন মিয়ার ছেলে আফজাল হোসেন (২১), হাজিরগঞ্জ উত্তরপাড়া গ্রামের মৃত আতাব মিয়ার ছেলে মো. রুমান (২২), গাইটাল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. শামসুল হুদা এবং চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ গ্রামের আ. কাদের সাইফুল (২৫)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খানের ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দায়ের করেন। পরে আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মতামত