পিরোজপুরে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক। মোহনগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শাহজাহান আলম খান বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মো. হাবিবুর রহমান খান, হাজী সোহেলসহ অনেকে।
বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ধর্মের নামে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব ১৯৭১ সালে পরাজিত শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মতামত