দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
বই ফেরিওয়ালা সংগঠনের নেত্রকোনা জেলা সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো শিক্ষার্থীর হাতে বই উপহার দিয়েছেন আল রুমান হাসান। মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের জন্মদিনে এই শিক্ষামূলক উদ্যোগের মধ্য দিয়ে বই ফেরিওয়ালা হিসেবে তাঁর কার্যক্রম শুরু হয়।
এদিন বই ফেরিওয়ালার পক্ষ থেকে ইন্টারমিডিয়েট পর্যায়ের কমার্স বিভাগের এক সেট বই উপহার দেওয়া হয়। বইগুলোর দাতা ছিলেন আল রুমান হাসান।
নিজের অনুভূতি প্রকাশ করে আল রুমান হাসান বলেন, জন্মদিনের মতো বিশেষ দিনে বই উপহারের এই কাজটি সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন তিনি। বই ফেরিওয়ালা হিসেবে এটি তাঁর প্রথম বই প্রদান। সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বই ফেরিওয়ালার বিভাগীয় সংগঠক রাবেয়া ম্যাম তাঁর ওপর আস্থা রেখে নেত্রকোনা জেলা সংগঠকের দায়িত্ব দিয়েছেন। এ জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অর্পিত দায়িত্বের যথাযথ মর্যাদা রক্ষা করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন আল রুমান হাসান।
আল রুমান হাসান ‘জ্ঞানের উৎস পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তাঁর প্রত্যাশা, বই বিতরণের এই ছোট উদ্যোগ একদিন বৃহৎ সামাজিক আন্দোলনে রূপ নেবে। বইয়ের আলোয় আলোকিত হবে সমাজ এবং জ্ঞানচর্চায় এগিয়ে যাবে নতুন প্রজন্ম।
তাঁর প্রত্যয়—‘বই হোক হাতিয়ার, আলোকিত হোক সমাজ।’
মতামত