নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৬১৭, তারিখ ১২ অক্টোবর ২০২৬-এর ভিত্তিতে থানার আওতাধীন এলাকায় রাতের বিশেষ অভিযান, মাদক ও চোরাচালানবিরোধী দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) রসুল সায়েদী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল মেনকিফান্দা গ্রামে জনৈক ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে যায়।
সেখানে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ মালিকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগ দুটি তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার ৭০০ টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ৫ লাখ ২০ হাজার টাকা।
দুর্গাপুর থানা পুলিশ উদ্ধার করা ফেনসিডিল জব্দ তালিকার মাধ্যমে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নেত্রকোনা জেলা পুলিশ জানিয়েছে।
মতামত