নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে আধুনিক মার্কেট ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৬২ লাখ টাকার প্রাক্কলন অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ উন্নয়ন উদ্যোগে ঝানজাইলবাসীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এলজিইডির অনুমোদন সংক্রান্ত দাপ্তরিক চিঠি শেয়ার করে ডেপুটি স্পিকার লেখেন, “অভিনন্দন ঝানজাইলবাসী। আমরা আপনাদের পাশে আছি, আমাদেরকে দয়া করে পাশে রাখুন। সবার সহযোগিতা বিনীতভাবে কামনা করছি।”স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে এ অনুমোদনের চিঠি জারি করা হয়। এ সংক্রান্ত স্মারক নম্বর ৪৬.০২.০০০০.৯২২.২৮.০৫.২২-১০৮৭।নেত্রকোনার নির্বাহী প্রকৌশলীর বরাবর পাঠানো ওই চিঠিতে জানানো হয়, CRMIDP/NETR/W-427/2026-27 প্যাকেজের আওতায় ঝানজাইল বাজারে ৪ তলা ফাউন্ডেশনসহ ২ তলা গ্রামীণ মার্কেট ভবন নির্মাণ করা হবে।প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৬২ লাখ টাকা। ই-জিপি (ওটিএম) পদ্ধতিতে দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। কাজটি সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়সীমা ৫১৫ দিন।অনুমোদনপত্রে নির্মাণকাজ বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, মার্কেট ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে ভূমি মন্ত্রণালয় বা ভূমি ব্যবস্থাপনার অনুমোদন কিংবা অনাপত্তিপত্র গ্রহণ, সরকারি খাস জমি নিশ্চিতকরণ, মাঠপর্যায়ে প্রাক্কলনের সত্যতা যাচাই এবং সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করে নির্মাণকাজ বাস্তবায়ন করা। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের প্রত্যাশিত এ মার্কেট ভবন নির্মিত হলে ঝানজাইল বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন ভোগান্তি কমবে। পাশাপাশি বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।