নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাট এলাকায় ফেরি পারাপারের সময় তাঁকে আটক করা হয়।আটক তপু রবি দাস খালিয়াজুরী উপজেলা সদরের শংকর রবিদাসের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল রসুলপুর ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তপু রবি দাসকে তল্লাশি করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৩৯ বোতল দেশীয় চোলাই মদ জব্দ করে পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়ভাবে ‘লক’ নামে পরিচিত এসব মদের মোট পরিমাণ আনুমানিক ১৯ লিটার ৫০০ মিলিলিটার।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।