ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ইউএনওর কক্ষসহ কার্যালয়ের একাধিক কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন