নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দশাল গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে পৌরসভার উত্তর দশাল এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। এ সময় দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আবুল কাশেম, বিএনপি নেতা মিরাজ আলী, নাজিম উদ্দিন, আলাল উদ্দিন ও আব্দুল মজিদ। দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দপ্তর সম্পাদক জুয়েল মিয়াসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।আলোচনায় মাদকদ্রব্যের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।