ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। রবিবার গোপন সংবাদে পৃথক দু’টি অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের এই স্বর্ণ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদে রবিবার কাস্টমস গোয়েন্দার সদস্যরা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে মোহাম্মদ মিনহাজ নামে সন্দেহভাজন এক যাত্রীকে অফলোড করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের ডিম্বাকৃতির ৩টি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়।
এছাড়া একই দিনে পৃথক আরেকটি অভিযানে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের ডিম্বাকৃতির আরও ৩টি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে কাস্টমস গোয়েন্দা জানায়, জব্দ করা ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টগুলো আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে স্থানীয় বাজারে এর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেগুলো আবারও আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, বিদেশ থেকে অবৈধভাবে আনা স্বর্ণ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় পুনরায় ফেরত পাঠানোর এ ঘটনায় চোরাচালান চক্রের আন্তর্জাতিক সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে এ ঘটনার পেছনে থাকা মূলহোতা ও চক্রকে চিহ্নিত করতে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/শআ
মতামত