নেত্রকোনার দুর্গাপুরের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে পরিচিত মুখ আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, শিক্ষকতা এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নিজের একটি পরিচিতি গড়ে তুলেছেন তিনি।
আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা ইমাম হাসান আবুচান জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং চণ্ডীগড় ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে। পারিবারিকভাবেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জামাল উদ্দিন মাস্টারের সম্পৃক্ততা গড়ে ওঠে।
স্থানীয় বিএনপির নেতাকর্মী ও তাঁর অনুসারীদের কাছে জামাল উদ্দিন মাস্টার দলের একজন প্রবীণ ও পরিচিত নেতা হিসেবে বিবেচিত। অনুসারীদের কেউ কেউ তাঁকে ‘জননেতা’ হিসেবেও অভিহিত করেন।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও রয়েছে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা। বর্তমানে তিনি স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাঁর প্রতি অনেকের আস্থা তৈরি হয়েছে। তাঁর শুভাকাঙ্ক্ষীদের মতে, ব্যক্তিগত জীবনে তিনি সাদাসিধে চলাফেরা পছন্দ করেন এবং সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত।
পারিবারিক জীবনেও শিক্ষা ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তাঁর। তাঁর দুই সহোদর নিজ নিজ ক্ষেত্রে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত। তাঁর স্ত্রীও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
নিজের রাজনৈতিক আদর্শ ও পথচলা সম্পর্কে আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, “আমি সাদাসিধে মানুষ, সাদাসিধে চালচলন পছন্দ করি। রাজনীতিতে আমার আইডল নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আমার রাজনীতির প্রেরণা। তাঁর পথচলা আমি অনুসরণ ও অনুকরণ করি।”
তিনি আরও বলেন, “রাজনীতি আমার পারিবারিক শিক্ষা। রাজনীতি করতে গিয়ে বারবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও দমে যাইনি। মানুষের জন্য কিছু করতে পারাই আমার রাজনীতির আদর্শ ও দর্শন।”
দুর্গাপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার স্থানীয়ভাবে আলোচিত একটি নাম। তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।
মতামত