মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক সুসং সরকারি মহাবিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রগতিশীল চিন্তা, রাজনৈতিক সচেতনতা ও অধিকার সম্পর্কে উপলব্ধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পাঠচক্রের প্রতিপাদ্য ছিল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা’। আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বর্তমান সময়ের ছাত্র আন্দোলনের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের ছাত্ররাজনীতির লক্ষ্য, আদর্শ ও করণীয় নিয়েও মতবিনিময় করেন বক্তারা।
পাঠচক্রে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোরশেদ আলম, রফিক মিয়া ও নূর আলম খান। তাঁরা ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের শিক্ষা, গণতন্ত্র ও অধিকার আদায়ের প্রশ্নে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
বর্তমান কমিটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি সাইমন মিয়া। তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পাঠচক্রে সংহতি জানিয়ে বক্তব্য দেন সুসং সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক জিয়া স্যার ও বিশিষ্ট ব্যক্তিত্ব স্বপন সান্যাল। বক্তব্যে জিয়া স্যার জানান, সুসং সরকারি মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালুর স্বীকৃতি অর্জনের লক্ষ্যে পাঁচটি বিষয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, যুক্তিনির্ভর চিন্তা ও সঠিক ইতিহাস জানার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া পাঠচক্রে সুসং সরকারি মহাবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নিজেদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
মতবিনিময় ও আলোচনার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে পাঠচক্রটি শেষ হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
মতামত