ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

সাংবাদিক আলীফ হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলীফ ফকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মোড়ে আয়োজিত মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় সারা দেশের সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক ও নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবীশসহ স্থানীয় সাংবাদিকেরা। এতে নেত্রকোনা জেলা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আলীফ ফকির স্থানীয় পর্যায়ে চোরাচালান, মাদক ও দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতেন। তাঁর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।বক্তারা আরও অভিযোগ করেন, এ ঘটনায় হত্যা মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাঁরা দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা না হলে সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।মানববন্ধন শেষে সাংবাদিকেরা সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা সাংবাদিক আলীফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লুৎফুজ্জামান আলীফ ফকির (৪০)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে অপরাধ অনুসন্ধানবিষয়ক একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে একটি চায়ের দোকানে আগে রেখে যাওয়া মুঠোফোন নিতে গেলে দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে আটজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান চলছে। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-১৪, ময়মনসিংহের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ছায়াতদন্তও শুরু হয়েছে।

সাংবাদিক আলীফ হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন, ২৪ ঘণ্টার আলটিমেটাম