ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

নেত্রকোনার মদনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি তাঁর ভাই মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে মদন উপজেলায় তার নানার বাড়িতে থেকে একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। প্রায় চার বছর আগে ওই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন আমান উল্লাহ মাহমুদী।গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে ওই মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন প্রধান আসামি আমান উল্লাহ সাগর। পরে আদালতের নির্দেশে তাঁর ডিএনএ পরীক্ষা করা হয়।শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আদালতের নির্দেশে তাকে সিলেটের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।পরবর্তী সময়ে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষায় নবজাতকের ডিএনএ প্রোফাইলের সঙ্গে প্রধান আসামির ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়।গত ২৭ আগস্ট পুলিশ প্রধান আসামি সাগর হুজুর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন।বুধবার দুপুরে আদালত প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দেন এবং অপর আসামি মামুন মিয়াকে খালাস দেন। মদনের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নেত্রকোনার মদনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড