ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।মামলার সর্বশেষ গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে আলিফ হত্যার বিচার ও ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগেও মানববন্ধন কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।মানববন্ধনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতৃবৃন্দ এবং নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার, ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খাইরুল আলম রফিক, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, দৈনিক আমাদের বসুন্ধরার ময়মনসিংহ ব্যুরো চিফ মাহমুদউল্লাহ রিয়াদ, মোহনগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিক তালুকদার প্রমুখ।বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে বক্তারা জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা