ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

তারাকান্দায় ৪৯২ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১

ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে ৪৯২ বোতল ফেনসিডিল জব্দ করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আল-আমিন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মুঠোফোনও জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা।বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের পাশের একটি পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে। এ সময় ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়।আটক আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন।অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক তথ্য নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দের এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় মাদক পরিবহন ও সরবরাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।

তারাকান্দায় ৪৯২ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১