ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

গাইড-পোর্টার ছাড়াই হিমালয়ের দুর্গম পথে পাকুন্দিয়ার মাহ্দির অভিযান

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামালপুর গ্রামের ৩২ বছর বয়সী মাহ্দি হাসান মাহি। পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক। তবে চিকিৎসাসেবার পাশাপাশি তাঁর আরেক পরিচয়, তিনি একজন পর্বত অভিযাত্রী। পাহাড়ের প্রতি ভালোবাসা থেকে একের পর এক দুর্গম ট্রেক সম্পন্ন করেছেন ভারতের দার্জিলিং ও নেপালের হিমালয় অঞ্চলে। গাইড কিংবা পোর্টার ছাড়াই পাড়ি দিয়েছেন পাঁচ হাজার মিটারের বেশি উচ্চতার একাধিক পর্বতপথ।মাহ্দি হাসান মাহির পাহাড় অভিযানের শুরু ২০১৫ সালে। দেশের বান্দরবান জেলার থানচি, রুমাসহ বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় ট্রেকিংয়ের মধ্য দিয়ে তাঁর এই পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্বত অভিযানে যুক্ত হন তিনি।২০২২ সালের ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে Sandakphu-Phalut Trek সম্পন্ন করেন মাহ্দি। প্রায় ৩ হাজার ৬৩৬ মিটার উচ্চতার সান্দাকফু এবং ৩ হাজার ৬০০ মিটার উচ্চতার ফালুটে পৌঁছে কাঞ্চনজঙ্ঘাসহ হিমালয়ের বিভিন্ন পর্বতশৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন।২০২৪ সালের অক্টোবরে নেপালের অন্নপূর্ণা ও মানাং অঞ্চলে ১৪ দিনের Annapurna Circuit Trek সম্পন্ন করেন তিনি। এ অভিযানের অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছিল প্রায় ৫ হাজার ৪১৬ মিটার উচ্চতার Thorong La Pass অতিক্রম করা। একই অভিযানে ঘুরে দেখেন বিখ্যাত Tilicho Lake। পুরো অভিযানটি করেন কোনো গাইড বা পোর্টার ছাড়াই।তবে তাঁর সবচেয়ে চ্যালেঞ্জিং অভিযানগুলোর একটি ছিল ২০২৬ সালের এপ্রিলে নেপালের খুম্বু ও এভারেস্ট অঞ্চলে Everest Three Passes Trek। এ অভিযানে অতিক্রম করেন হিমালয়ের তিনটি দুর্গম পর্বতপথ। এগুলো হলো Kongma La Pass (৫ হাজার ৫৩৫ মিটার), Cho La Pass (৫ হাজার ৪২০ মিটার) এবং Renjo La Pass (৫ হাজার ৩৬০ মিটার)।এ ছাড়া এ অভিযানে ঘুরে দেখেন Everest Base Camp, Gokyo Lake, Gokyo Ri, Gokyo Fourth ও Fifth Lakes, Namche Bazaar এবং Thame-সহ হিমালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।অভিযানের বিশেষত্ব ছিল, পুরো যাত্রাই করেন এককভাবে। কোনো গাইড বা পোর্টারের সহায়তা নেননি। কাঠমান্ডু থেকে সড়কপথে Salleri হয়ে Surkhe দিয়ে ট্রেক শুরু করেন। যাতায়াতের কোনো পর্যায়েই লুকলা যাওয়ার বা ফেরার ফ্লাইট ব্যবহার করেননি। প্রথমে Kongma La, এরপর Everest Base Camp, Cho La এবং সবশেষে Renjo La অতিক্রম করেন। Renjo La Pass থেকে এভারেস্ট ও গোকিও লেকের অসাধারণ দৃশ্য উপভোগ করেন।হিমালয়ের বরফাচ্ছাদিত পরিবেশে ট্রেকিং, তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘ পথ পাড়ি দেওয়া, কয়েক হাজার মিটার উচ্চতায় অবস্থান এবং বরফের ওপর রান্না করার মতো অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সীমিত বাজেটে দীর্ঘদিন দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থান করাও তাঁর অভিযানের অন্যতম বৈশিষ্ট্য।মাহ্দি হাসান মাহি আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক হলেও পাহাড়ের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে বারবার টেনে নিয়ে যায় দুর্গম সব পথে।পাকুন্দিয়ার জামালপুর গ্রাম থেকে শুরু হওয়া মাহদির এই অভিযাত্রা এখন পৌঁছেছে হিমালয়ের পাঁচ হাজার মিটারেরও বেশি উচ্চতায়। চিকিৎসক পরিচয়ের পাশাপাশি একজন পর্বত অভিযাত্রী হিসেবে নিজের অভিজ্ঞতার ঝুলিতে যোগ করেছেন অনন্য সব অর্জন

গাইড-পোর্টার ছাড়াই হিমালয়ের দুর্গম পথে পাকুন্দিয়ার মাহ্দির অভিযান