ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন নেত্রকোনার সাংবাদিক আলপনা বেগম

জলে ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক রিপোর্টিং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোনা জেলা প্রতিনিধি আলপনা বেগম। গ্লোবাল হেলথ ইনকিউবেটর (জিএইচআই) আয়োজিত এ প্রতিযোগিতায় মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।তিনটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের সাতটি দেশের সাংবাদিকদের মধ্য থেকে মোট ছয়জনকে তাঁদের ফিচার স্টোরি, সংবাদ প্রতিবেদন ও মাল্টিমিডিয়া স্টোরিটেলিংয়ের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে।প্রথম গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন রিপোর্টিং চ্যালেঞ্জের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিসের সহায়তায় আয়োজিত এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল পানিতে ডুবে মৃত্যুর বাস্তবতা, এ ধরনের মৃত্যু প্রতিরোধের প্রতিবন্ধকতা এবং জীবন বাঁচাতে পারে—এমন কার্যকর সমাধান তুলে ধরা।এ লক্ষ্যে ২০২৫ সালের নভেম্বরে মিসরের শার্ম আল-শেখ শহরের হোটেল রিজেন্সিতে সাতটি দেশের সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে জিএইচআই। এতে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনটি বিভাগে রিপোর্টিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্য থেকে ছয়জনকে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিভাগে দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পান নেত্রকোনার মেয়ে আলপনা বেগম।নিজের এ অর্জনের অনুভূতি জানাতে গিয়ে সাংবাদিক আলপনা বেগম বলেন, “বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি, এটাই পরম পাওয়া। বিশ্বের বুকে লাল-সবুজের বাংলাদেশের নাম থাকাই আমার সার্থকতা। নিরলসভাবে দায়িত্ব নিয়ে কাজ করলে বাংলাদেশের মানুষ সবকিছুতে এগিয়ে থাকবে বলে আমি মনে করি।”গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজিক বিভাগের সিনিয়র অ্যাডভাইজার লোপা ঘোষ গত ২১ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেন।আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় আলপনা বেগমের অর্জন দেশের সাংবাদিকতার অঙ্গনে একটি উল্লেখযোগ্য সাফল্য। একই সঙ্গে পানিতে ডুবে মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যাকে সংবাদ ও মাল্টিমিডিয়া প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর গুরুত্বও নতুন করে সামনে এনেছে তাঁর এ স্বীকৃতি।

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন নেত্রকোনার সাংবাদিক আলপনা বেগম