নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহাসিক রানীখং মিশনের বহু বছরের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টা চুরির ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের কাছ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে রানীখং মিশনের চার্চের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি স্তম্ভের মাঝখানে স্থাপিত ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় মিশন-সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।চুরির খবর পাওয়ার পরপরই ঘণ্টাটি উদ্ধারে অভিযান শুরু করে দুর্গাপুর থানা পুলিশ। বিভিন্ন স্থানে অনুসন্ধান ও অভিযান চালানোর একপর্যায়ে শুক্রবার সকালে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের কাছ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রসুল সায়েদী আজাদ জানান, চুরি হওয়া ঐতিহ্যবাহী ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘণ্টা চুরির পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে ৪৮ ঘণ্টার মধ্যে ঘণ্টাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।ঐতিহাসিক ঘণ্টাটি ফিরে পাওয়ায় রানীখং মিশন-সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।