ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

নেত্রকোনা বানিজ্য মেলা বন্ধের নোটিশ

নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের সামনের খেলার মাঠে আয়োজিত মেলা অবিলম্বে বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শহরের সচেতন নাগরিক ও স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, ধর্মীয় কার্যক্রম, যান চলাচল ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলে ধরা হয়।স্মারকলিপিতে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মাঠটি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম উন্মুক্ত স্থান। সেখানে মেলার প্যান্ডেল, স্টল ও বিভিন্ন রাইড স্থাপনের কারণে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। এতে আরও বলা হয়, বর্তমানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রি-টেস্ট এবং বার্ষিক পরীক্ষা চলছে।এ অবস্থায় মেলা থেকে সকাল থেকে রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক সাউন্ড সিস্টেম বাজানো এবং মানুষের কোলাহলে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মসজিদের সামনেই মেলার আয়োজন করায় মুসল্লিদের নামাজ আদায় ও ইবাদত-বন্দেগিতেও বিঘ্ন ঘটছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। পাশাপাশি মেলাকে কেন্দ্র করে সড়কে যানজট, বহিরাগতদের আনাগোনা, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানানো হয়।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির বিষয়ে সরকারের উদ্যোগের বিপরীতে বিদ্যমান মাঠে মেলার আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সংকুচিত করছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, মসজিদের ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা রক্ষা, মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে মেলাটি অবিলম্বে বন্ধে জরুরি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নেত্রকোণা শহরের সর্বস্তরের সচেতন নাগরিক ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে স্মারকলিপিটি দেওয়া হয়।

নেত্রকোনা বানিজ্য মেলা বন্ধের নোটিশ