কিশোরগঞ্জের করিমগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলমগীর হোসেন নাহিরাজপাড়া এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুপারি সংগ্রহের জন্য গাছে ওঠেন আলমগীর। এ সময় পাশের একটি ভাঙা সুপারি গাছ সরাতে গেলে তিনি কাছ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হেলিম জানান, সকালে সুপারি পাড়তে গাছে উঠেছিলেন আলমগীর। এ সময় পাশের একটি ভাঙা সুপারি গাছ সরাতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। পরে গাছ থেকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।