ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

সার্ভার জটিলতায় স্বপ্নভঙ্গ: পুলিশের মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও লিখিত পরীক্ষা থেকে বাদ পড়লেন আটপাড়ার মোস্তাকিম

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের তিন দিনব্যাপী শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই (মাঠ) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েও কেবল সার্ভার জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি (পেমেন্ট) জমা দিতে না পারায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছেন নেত্রকোনার আটপাড়া উপজেলার এক তরুণ।ভুক্তভোগী ওই তরুণের নাম মোস্তাকিম। তিনি জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম আহমদুল মিয়া এবং মাতার নাম রেনু আক্তার।সংশ্লিষ্ট সূত্রে ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের কনস্টেবল পদে চাকরির স্বপ্ন নিয়ে নেত্রকোনা জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত তিন দিনের শারীরিক পরীক্ষায় অংশ নেন মোস্তাকিম। প্রাথমিক বাছাই এবং তিন দিনের শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রতিটি ধাপ সফলতার সঙ্গে অতিক্রম করে তিনি লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন।নিয়োগ বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মাঠ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য গত ২০ ও ২১ তারিখ নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নির্দিষ্ট ফি পরিশোধ করার কথা ছিল। ভুক্তভোগী মোস্তাকিম জানান, নির্ধারিত সময়ের শেষ দিন অর্থাৎ গতকাল (২১ তারিখ) বিকেলে তিনি পেমেন্ট সম্পন্ন করার জন্য কম্পিউটারের দোকানে যান। কিন্তু তখন টেলিটক বা নির্ধারিত পেমেন্ট সার্ভারে তীব্র কারিগরি ত্রুটি (সার্ভার ডাউন) দেখা দেয়। বারবার চেষ্টা করেও সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দেওয়া সম্ভব হয়নি। ফলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হারান তিনি এবং তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।তিন দিনের হাড়ভাঙা পরিশ্রমে মাঠের সব বাধা পেরিয়েও নিজের কোনো দোষ ছাড়াই কেবল কারিগরি ও সার্ভার জটিলতায় স্বপ্নভঙ্গ হওয়ায় চরম হতাশায় ভেঙে পড়েছেন মোস্তাকিম ও তার বাবা-মা। এ বিষয়ে ভুক্তভোগী মোস্তাকিম ও তার পরিবার মানবিক বিবেচনায় বিষয়টি খতিয়ে দেখে তাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সার্ভার জটিলতায় স্বপ্নভঙ্গ: পুলিশের মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও লিখিত পরীক্ষা থেকে বাদ পড়লেন আটপাড়ার মোস্তাকিম