বিরিশিরি ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আজিজুল হক ফকির
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির (৫৮)। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের একাংশ তাঁকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী।স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আজিজুল হক ফকিরের নাম নিয়ে আলোচনা চলছে। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারবেন।আজিজুল হক ফকিরের পিতা হাজী শব্দুল ফকির। তাঁর গ্রামের বাড়ি বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামে। তিনি আনন্দমোহন কলেজ থেকে ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।তাঁর দেওয়া রাজনৈতিক জীবনবৃত্তান্ত অনুযায়ী, ১৯৮৬ সালে সুসং সরকারি কলেজ শাখায় সম্মানিত সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। সে সময় তিনি ফরিদ-মিলন-পিন্টু পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।১৯৯২ সালে বিরিশিরি ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন আজিজুল হক ফকির। টানা নয় বছর এ দায়িত্ব পালন করেন তিনি। ২০০৩ সালে বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। ২০০৮ সালে পুনরায় আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন।পরবর্তী সময়ে ২০২২ সালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে আবারও বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। সর্বশেষ ২০২৫ সালে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কাজেও যুক্ত রয়েছেন তিনি। কাপাসাটিয়া এলাকার দি লাইসিয়াম চাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কাপাসাটিয়া নূরুল উলূম হাফিজিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্বেও রয়েছেন। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পারিবারিক জীবনে পাঁচ ভাই ও ছয় বোনের মধ্যে আজিজুল হক ফকির সবার বড়। তিনি দুই সন্তানের জনক। তাঁর এক ছেলে মেরিন ইঞ্জিনিয়ার এবং অপর সন্তান রংপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে যুক্ত থাকা এবং বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে চেয়ারম্যান পদে আলোচনায় এনেছে। তাঁদের কেউ কেউ মনে করেন, দলীয় মনোনয়ন পেলে তিনি ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলহাজ্ব আজিজুল হক ফকির বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে আসছি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবি কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার কল্যাণে কাজ করার একটি সুযোগ।“বিরিশিরি ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এ ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমি পরিচিত। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ যদি আমাকে যোগ্য মনে করেন এবং দল আমাকে চেয়ারম্যান পদে কাজ করার সুযোগ দেয়, তাহলে আমি তাঁদের প্রত্যাশার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।“আমি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেব। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষামূলক কর্মকাণ্ডের প্রসারে উদ্যোগ নেব।“আমি প্রতিহিংসা কিংবা বিভাজনের রাজনীতি নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি পরিকল্পিত, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও জনবান্ধব বিরিশিরি ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রত্যাশা।”
তবে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।