ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

মোহনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মিছিলের পর ছাত্রলীগ নেতার বাড়িসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-নূর সমাপ্তের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে প্রতিবাদ মিছিল করেন।পরিবারের অভিযোগ, রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ মশাল মিছিলে নেতৃত্ব দেওয়া আল-নূর সমাপ্তের বাড়িতে অভিযান চালায়। তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর অসুস্থ বাবা আলী আসগর সাগর মিয়াকে হেনস্তা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।পরিবারের আরও অভিযোগ, পুলিশের অভিযানের কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি সমাপ্তের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং ফ্রিজে রাখা মাছ-মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। আলমারিতে রাখা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীও লুট করা হয়েছে বলে দাবি পরিবারের।অভিযোগ অনুযায়ী, হামলার সময় সমাপ্তের মাকে রড দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর হাত ও পেটে আঘাত লাগে। পরে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ওই বাড়িতে আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে পরিবারের দাবি। এদিকে সমাপ্তের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ বাড়ি থেকে থানায় নিয়ে গেছে বলে জানানো হয়েছে।এ ছাড়া নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের নিষিদ্ধ আওয়ামিলীগের  সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসায়ও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।তবে এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে বিএনপি বা এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাদের বক্তব্যও জানা যায়নি।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, “হামলার বিষয়ে শুনেছি, কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি পদক্ষেপ নেব।” ঘটনাগুলোর বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মোহনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ