নেত্রকোনার দুর্গাপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সহায়তার অর্থ উত্তোলন ও চেক জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পরে আদালতে পাঠানো হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) দুর্গাপুর থানার সাধারণ ডায়েরি ও আদালতে পাঠানো সংশ্লিষ্ট নথি থেকে এ তথ্য জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমানের অভিযোগে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুয়েলুজ্জামান, মো. উসমান গনি, রিপন কর্মকারসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি অর্থ উত্তোলন, চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৬ সালের জুন মাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা অর্থ নিয়ে অনিয়মের ঘটনা ঘটে। কৃষকদের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলনের ক্ষেত্রে একাধিক চেক ব্যবহার এবং সুবিধাভোগীদের স্বাক্ষর জাল করার মাধ্যমে ৫৮ লাখ ৯৬ হাজার ২৩৮ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।অভিযোগকারী জানান, ব্যাংক হিসাবের বিবরণী ও সংশ্লিষ্ট চেক পর্যালোচনার সময় অর্থ উত্তোলনে অসংগতি নজরে আসে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি অর্থ উত্তোলন ও আত্মসাতের অভিযোগ ওঠে। এর পর গত ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দুই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, দুর্গাপুর থানার সাধারণ ডায়েরি নং-১৪০৩, তারিখ ২৫ নভেম্বর ২০২৬-এর ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।