ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

১৪ কিলোমিটারে ৬০, ৮ কিলোমিটারে ৫০ টাকা! দুর্গাপুরে অটোরিকশার বাড়তি ভাড়ায় বিপাকে শিক্ষার্থীরা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি-কুমুদগঞ্জ ও গুজিরকোনা সড়কে অটোরিকশার অতিরিক্ত ও অযৌক্তিক ভাড়া আদায়ের অভিযোগে চরম বিপাকে পড়েছেন স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। বিকল্প কোনো সাশ্রয়ী গণপরিবহন না থাকায় চালকদের নির্ধারিত বাড়তি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন তারা। প্রতিদিন যাতায়াতে অস্বাভাবিক ভাড়া গুনতে গিয়ে আর্থিকভাবে হিমশিম খাচ্ছে সাধারণ পরিবারগুলো। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা সদর থেকে ৫ নম্বর বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ বাজার ও গুজিরকোনা সড়কের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ পথে আগে অটোরিকশার ভাড়া ছিল ৩০ টাকা। পরবর্তীতে বিরিশিরি ব্রিজের নির্মাণকাজ শুরু হলে যাতায়াতের ভোগান্তির কথা বলে ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়। তবে ব্রিজের কাজ শেষ হয়ে যান চলাচল স্বাভাবিক হওয়ার পরও সেই বর্ধিত ভাড়া কমানো হয়নি।এরপর ২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কের ক্ষয়ক্ষতির অজুহাতে চালকরা পুনরায় ১০ টাকা বাড়িয়ে ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেন। বর্তমানে রাস্তাঘাট সংস্কার হয়ে চলাচলের উপযোগী হলেও চালকরা এখনো ৫০ টাকা ভাড়া আদায় করছেন বলে অভিযোগ স্থানীয়দের।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, মাত্র ৮ কিলোমিটার দূরত্বে গুজিরকোনা ও কুমুদগঞ্জ থেকে দুর্গাপুরে যাতায়াতে যেখানে ৫০ টাকা ভাড়া দিতে হচ্ছে, সেখানে দুর্গাপুর থেকে জারিয়া পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার পথের ভাড়া ৬০ টাকা। ভাড়ার এই পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।তাদের দাবি, ওই সড়কে অটোরিকশা ছাড়া বিকল্প কোনো সাশ্রয়ী যানবাহন নেই। অন্য যেসব যানবাহন চলাচল করে, সেগুলোর ভাড়া আরও বেশি। ফলে বাধ্য হয়েই শিক্ষার্থীদের প্রতিদিন আসা-যাওয়ায় শুধু গাড়ি ভাড়া বাবদ ১০০ টাকা খরচ করতে হচ্ছে।কুমুদগঞ্জ থেকে দুর্গাপুরে নিয়মিত যাতায়াতকারী সুসং মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ মোড়ল ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন শুধু অটো ভাড়া বাবদ ১০০ টাকা খরচ করা আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব। অনেক সময় টাকার অভাবে ক্লাসে যাওয়া সম্ভব হয় না।”একই দুর্ভোগের কথা জানিয়ে দুর্গাপুর কাছারী মাদ্রাসার ছাত্র শাহিন আলম বলেন, “রাস্তা ঠিক হয়ে যাওয়ার পরও ভাড়া কমানো হচ্ছে না। বিকল্প কোনো পরিবহন না থাকায় আমরা একপ্রকার জিম্মি হয়ে আছি। বাড়তি ভাড়ার চাপে আমাদের নিয়মিত পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।”শুধু আকাশ বা শাহিন নন, এই সড়কে নিয়মিত যাতায়াতকারী আরও অনেক শিক্ষার্থী ও অভিভাবক একই ধরনের অভিযোগ করেছেন।এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের মতে, পরিবহন খাতে নির্দিষ্ট ভাড়ার তালিকা ও প্রশাসনিক তদারকি না থাকায় চালকরা ইচ্ছামতো ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছেন। দুর্যোগ কিংবা সড়ক সংস্কারের অজুহাতে একবার ভাড়া বাড়ানো হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও তা আর কমানো হয় না বলে অভিযোগ তাঁদের। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে দূরত্ব অনুযায়ী ন্যায্য ভাড়ার তালিকা প্রণয়ন ও তা বাস্তবায়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখা এবং যাতায়াতের অসহনীয় দুর্ভোগ লাঘবে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় দায়িত্বশীল জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী।

১৪ কিলোমিটারে ৬০, ৮ কিলোমিটারে ৫০ টাকা! দুর্গাপুরে অটোরিকশার বাড়তি ভাড়ায় বিপাকে শিক্ষার্থীরা