দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় মোহনগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মুস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম চৌধুরী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহেল রানা।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাল্টিপারপাস হলরুমে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা যুবসমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।
তাঁরা আরও বলেন, দক্ষ ও সচেতন যুবসমাজ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করা সম্ভব।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও আত্মনির্ভরশীলতার চেতনা জাগ্রত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
মতামত