নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরির বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শুরু হয়েছে। ১৮৪০ সালে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারের অবকাঠামোগত উন্নয়ন ও সংরক্ষণের অংশ হিসেবে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা যুবদলের সদস্যসচিব আল ইমরান সম্রাট গনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারের উন্নয়নে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে। জ্ঞানচর্চা ও শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
গ্রন্থাগারটির উন্নয়নে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও প্রচেষ্টার কথাও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, বাউন্ডারি ওয়াল নির্মাণের ফলে গ্রন্থাগারের নিরাপত্তা ও পরিবেশের উন্নতি হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়া, জ্ঞানচর্চা এবং ইতিহাস-ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়াতে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
মতামত