জেএসসি, এসএসসি ও এইচএসসি—টানা তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে ধারাবাহিক সাফল্যের নজির গড়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিক্ষার্থী নাঈমুর রহমান জয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে। এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল নাঈমুর।
নাঈমুর রহমান জয় দুর্গাপুর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মো. বাবুল মিয়া একটি ইউনিয়ন পরিষদের সচিব এবং মা মোছা. নাছিমা খাতুন। পরিবারের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিজের নিয়মিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করেছে সে।
তার টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের খবরে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তার এই অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় উৎসাহিত করবে।
সুসং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. রুবেল হোসাইন বলেন, “নাঈমুর রহমান জয়ের এই অসাধারণ অর্জন আমাদের সুসং সরকারি মহাবিদ্যালয় তথা দুর্গাপুরের জন্য গর্বের বিষয়। টানা তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের অনন্য স্বাক্ষর। আমি আশা করি, তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফল অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।
মতামত