২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নেত্রকোণা জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানগুলোর পাসের হার শূন্য শতাংশ। শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের সবকটিই নন-এমপিওভুক্ত।
জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলসংক্রান্ত তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, পূর্বধলা উপজেলার এফিশন মডেল কলেজ এবং জোরাবাদা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।
জেলা শিক্ষা অফিসের তালিকায় দেখা যায়, এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানগুলোর পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
এদিকে, জেলার ১০টি উপজেলার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ভিন্নতা দেখা গেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, নেত্রকোণা সদরে পাসের হার ৫১ দশমিক ৬৮ শতাংশ, বারহাট্টায় ৩০ দশমিক ২০ শতাংশ, মদনে ৩২ দশমিক ১২ শতাংশ, মোহনগঞ্জে ৩৬ দশমিক ৬৯ শতাংশ, খালিয়াজুরীতে ৪৮ দশমিক ৮৯ শতাংশ, আটপাড়ায় ৩১ দশমিক ৫৭ শতাংশ, কেন্দুয়ায় ৪৯ দশমিক ৪৬ শতাংশ, দুর্গাপুরে ৩৫ দশমিক ৮০ শতাংশ, কলমাকান্দায় ৩৬ দশমিক ৬৭ শতাংশ এবং পূর্বধলায় ৩৭ দশমিক ৩৮ শতাংশ।
জেলা শিক্ষা অফিসের প্রকাশিত তথ্যে নেত্রকোণা জেলার সামগ্রিক পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ উল্লেখ করা হয়েছে। এ বছর জেলায় জিপিএ-৫ অর্জন করেছে ৭০ জন শিক্ষার্থী।
শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত