দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণেরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে উপযুক্ত প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি।
তাঁরা আরও বলেন, দক্ষ ও সচেতন যুবসমাজ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতার চেতনা জাগ্রত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।