গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় সুমন (১৯) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং বালু পরিবহনে ব্যবহৃত কাকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের আগ কচুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সুমন কচুয়া বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শফিকুল। যমুনা নদী থেকে বালু উত্তোলন করে কাকড়া গাড়িতে লোডিংয়ের সময় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত কাকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, নদীতীরবর্তী জনবসতি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও আইনানুগ অভিযান অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।