নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম এ জিন্নাহর ছোট বোন হামিদা বেগম (৭০) মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হামিদা বেগম ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বিরিশিরি মিশন গার্লস হাইস্কুল থেকে ঢাকা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের একজন আইনজীবী হিসেবে কর্মরত। মেয়ে এলএলবি (অনার্স) সম্পন্ন করে বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
হামিদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই ও দুর্গাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম এ জিন্নাহ।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টায় দক্ষিণ ভবানীপুর ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে নলজোড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
হামিদা বেগমের স্বামী মাহফুজুর রহমান আগেই মারা গেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন মুকুল ও মজিবুর রহমান রাজুসহ অনেকে। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।