নেত্রকোনার পূর্বধলায় জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুর রহমান হৃদয় (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান ওই গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে খাবার খাওয়ার পর বাড়িতে বসে মুঠোফোন ব্যবহার করছিলেন বজলুর রহমান। এ সময় তাঁর স্ত্রী শেফালী আক্তার ছাগল নিয়ে বাড়ির বাইরে যান। ধারণা করা হচ্ছে, স্ত্রীর অনুপস্থিতিতে জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি
পরে জুমার নামাজের পর বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে নিজেদের ধানখেতের পাশে সেচ পাম্পের কাছে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তাঁর বড় ভাই মজিবুর রহমান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে চিকিৎসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
মতামত